ভারত-পাক অশান্তির জেরে স্থগিত হওয়া আইপিএল ফের শুরু হতে পারে ১৬ মে’র মধ্যেই। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ফাইনালের সম্ভাব্য দিন ৩০ মে বা ১ জুন। বাকি ম্যাচগুলি আয়োজন করা হবে একাধিক ভেন্যুতে।
তবে এই সুখবরের মাঝেই ভেসে উঠেছে এক অনিশ্চয়তার ছায়া। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা নাকি আর ফিরতে চান না ভারতে। ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন তাঁরা। মিচেল স্টার্ক ও তাঁর স্ত্রী অ্যালিসা হিলি অস্ট্রেলিয়ায় পৌঁছে আর কোনও মন্তব্য করেননি। স্টার্কের ম্যানেজার জানিয়েছেন, তিনি আর ভারতে ফিরবেন না। স্টোয়নিসও সাংবাদিকদের এড়িয়ে গিয়েছেন।
চলতি আইপিএলে মোট ১৫ জন অজি ক্রিকেটার অংশ নিয়েছিলেন। গ্লেন ম্যাক্সওয়েল চোট পেয়ে আগেই ছিটকে গিয়েছেন। ফলে এই মুহূর্তে আইপিএল কর্তৃপক্ষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিদেশি তারকাদের ছাড়াই কি মেগা টুর্নামেন্ট আগের জৌলুস ধরে রাখতে পারবে? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।
চলবে আইপিএল, কিন্তু তার রং কি ফিকে হয়ে যাবে বিদেশিদের না-ফেরার সিদ্ধান্তে?





