পাকিস্তানে খেলতে নারাজ বিদেশিরা। তবে ব্যতিক্রম বাংলাদেশ। প্রতিকূল পরিস্থিতি থাকলেও পাকিস্তানে দল পাঠাবে সেদেশের ক্রিকেট বোর্ড, এমনটাই সূত্রের খবর। বাংলাদেশ সরকারের সবুজ সংকেত পেলেই সফরসূচি চূড়ান্ত করে ফেলবে বোর্ড। ভারত-পাক সংঘর্ষবিরতির পর ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় দফা। এই আবহে পিএসএল-ও আইপিএলের সঙ্গে একই দিনে শুরু করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
কিন্তু নিরাপত্তার কারণে কিউয়ি তারকা কেন উইলিয়ামসন পিএসএল খেলার ব্যাপারে ‘না’ বলেছেন। পিএসএলের দশম আসরে ৩৭ জন বিদেশি ক্রিকেটার অংশ নিয়েছিলেন। এই আবহে তাঁদের পাওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে। পাকিস্তানের তরফে নিরাপত্তার আশ্বাস দেওয়া সত্ত্বেও ফিরে আসতে অনিচ্ছুক অধিকাংশ বিদেশি ক্রিকেটার। তবে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে চলেছেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান।
যদিও পিএসএল খেলতে গিয়ে পাকিস্তানে আটকে পড়েছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। সংঘর্ষের মধ্যেই কোনওমতে তাঁদের পাকিস্তান থেকে উদ্ধার করা হয়। রিশাদ জানিয়েছিলেন, ভয়াবহ অভিজ্ঞতার কাহিনী। ভারতের আক্রমণের খবর পেয়ে ক্রিকেটাররা কাঁদতেও শুরু করেছিলেন, এমনটাই জানিয়েছেন রিশাদ।





