বাদল অধিবেশনে বিচারপতি যশবন্ত বর্মাকে অপসারণের প্রক্রিয়া শুরু হতে পারে। বিরোধী দলগুলি এই বিষয়ে সরকারকে সমর্থনের আশ্বাস দিয়েছে বলেও জানা গিয়েছে। ইমপিচমেন্ট প্রস্তাবের (অপরসারণ প্রক্রিয়া) জন্য কমপক্ষে ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। কেন্দ্রের একটি সূত্রের দাবি, ইতিমধ্যে প্রস্তাবটিতে সাংসদদের স্বাক্ষর করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অপসারণের প্রস্তাব পাশ পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হবে। উল্লেখ্য, আগামী ২১ জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন।
বিচারপতি ভার্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরুর বিষয়ে ঐক্যমত্যের জন্য অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে পরামর্শ করছে কেন্দ্রে। অভিযুক্ত বিচারপতিকে অপসারণে প্রয়োজনীয় সমর্থন আদায়ের জন্য সরকার লোকসভা এবং রাজ্যসভা উভয়কক্ষের প্রধান দলগুলির সঙ্গে যোগাযোগ করছে। একটি সর্বভারতীয়ট সংবাদমাধ্যম জানিয়েছে, যদি আগামী কিছু দিনের মধ্যে যদি বিচারপতি বর্মা নিজে থেকে পদত্যাগ না করেন, তা হলে জুলাইয়ের দ্বিতীয়ার্ধে শুরু হওয়া বাদল অধিবেশনেই তাঁকে অপসারণের প্রক্রিয়া শুরু করবে কেন্দ্র। যদিও বিরোধীদের একাংশ দাবি করছে, বিচারপতিকে অপসারণে গড়িমসি করছে কেন্দ্র।





