রবিবারই মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার প্রক্রিয়া শুরু করবেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। অ্যাক্সিয়ম-৪ অভিযানের অন্য তিন মহাকাশচারীও রওনা দেবেন পৃথিবীর উদ্দেশে। স্পেস স্টেশনে ফেয়ারওয়েল এবং সেখান থেকে আনডকিং-পুরোটাই সরাসরি সম্প্রচার করবে নাসা।
জানা গিয়েছে, ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে ফেয়ারওয়েল অনুষ্ঠান। নাসার এক্সপিডিশন ৭৩-এর সাতজন সদস্য বিদায় সংবর্ধনা দেবেন শুভাংশু-সহ চার মহাকাশচারীকে। সেই সংবর্ধনা সরাসরি সম্প্রচার করবে নাসা। ফেয়ারওয়েলের পর ভারতীয় সময় সোমবার দুপুর দু’টো নাগাদ শুরু হবে শুভাংশুদের আনডকিং প্রক্রিয়া।
আনডকিং শেষ হওয়ার পর পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করবেন শুভাংশুরা। এই দু’টি প্রক্রিয়া সরাসরি দেখা যাবে নাসার ওয়েবসাইট এবং সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। শুভাংশুদের মহাকাশযান অবতরণ করবে ক্যালিফোর্নিয়া উপকূলে। সেই স্প্ল্যাশডাউনের মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন আমজনতা, নাসার সোশাল মিডিয়ার দৌলতে।





