কয়েকদিনের টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লকের বহু বাসিন্দা। বিভিন্ন গ্রামে মাটির বাড়ির অবস্থা বেহাল। কোথাও চাল ফুটো হয়ে জল পড়ছে, কোথাও আবার বাড়ির দেয়ালের একাংশ ভেঙে পড়ছে। এই পরিস্থিতিতে সোমবার থেকেই শুরু হয়েছে ব্লক প্রশাসনের তরফে সরেজমিনে তদন্ত। মঙ্গলবার সেহারা গ্রাম পঞ্চায়েতে পরিদর্শনে যান রায়না ১ নম্বর ব্লকের বিডিও অজয় কুমার দণ্ডপাত। পঞ্চায়েত প্রধান, সদস্য ও কর্মীদের নিয়ে তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং জরুরি বৈঠক করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আপাতত আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে পরামর্শ দেন বিডিও। পাশাপাশি বাড়ি মেরামতির জন্য ত্রিপল দেওয়ার নির্দেশও দেন। বিশেষ করে যেসব বাড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভেঙে পড়ার মুখে, সেগুলির একটি আলাদা তালিকা তৈরির নির্দেশ দেন পঞ্চায়েতকে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন না আবহাওয়ার উন্নতি হচ্ছে, ততদিন মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে।





