পূর্ব বর্ধমান জেলার ভাতারের একটি পেট্রোল পাম্পে পেট্রোল ও ডিজেলের বদলে জল দেওয়ার অভিযোগ কে ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সকাল থেকে একাধিক গ্রাহক অভিযোগ করেন, পাম্প থেকে তেল নেওয়ার পর তাঁদের বাইক ও চার চাকার গাড়িতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। গাড়ি বন্ধ হয়ে যায়, স্টার্ট নেয় না কোনোভাবেই।
অগত্যা গাড়ি গ্যারেজে নিয়ে গিয়ে তাঁরা দেখেন তেলের ট্যাংকের মধ্যে পেট্রোল বা ডিজেলের বদলে জল রয়েছে। এরপরই ক্ষুব্ধ গ্রাহকরা পাম্প কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। পাম্প চত্বরে জমে যায় উত্তেজিত জনতার ভিড়। শুরু হয় বিক্ষোভ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাতার থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও পাম্প কর্মী পক্ষের দাবি, বর্ষার কারণে মাটির নিচে পাম্প ঘেমে গিয়ে এই ঘটনা হলেও হতে পারে, তবে তারা কোনো ভাবেই জল মেশান নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





