বাঁকুড়ার জয়পুর ফার্মাস সার্ভিস কো-অপারেটিভ সোসাইটির নির্বাচনে ফের বিরোধীদের অংশগ্রহণ ছাড়াই ২৯টি আসনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। যদিও এই ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়-কে’ কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্তি অভিযোগ করেছেন, তৃণমূলের হার্মাদ বাহিনী পুলিশের মদতে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে।
মোটরসাইকেল বাহিনী গ্রামে-গ্রামে ঘুরে সাধারণ মানুষের উপর ভয় দেখিয়েছে, বিজেপি ও অন্যান্য বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন জমা দিতেই বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। সুজিতবাবুর দাবি, লোকসভা ও বিধানসভা ভোটে জয়পুর ব্লকে বিজেপির জয় লাভ হয়েছে। প্রশাসনের সহায়তায় তৃণমূল সমবায় ভোটে একতরফা দখলদারি চালাচ্ছে।
তিনি আরও বলেন, তৃণমূল জানে ভোট হলে তারা হারবে, তাই পুলিশ আর গুন্ডাদের দিয়ে ভোট করাচ্ছে। অন্যদিকে তৃণমূল দাবি করেছে, বিজেপি ও বামেদের প্রার্থী করার মতো কর্মীই নেই। তাই জয়ের পথ ছিল সহজ। কিন্তু এই ‘সহজ জয়’ নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। বিধানসভা নির্বাচনে এই ঘটনার জবাব দেবে বিজেপি, হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব।





