আসন্ন “২১শে জুলাই শহীদ স্মরণ দিবস” উপলক্ষে প্রস্তুতি সভা ও ভিন রাজ্যে বাঙালিদের অপমানের প্রতিবাদ সভা থেকে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ দুই নম্বর ব্লকের চৈতল অঞ্চলে বড়সড় রাজনৈতিক রদবদল ঘটল। চৈতল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আয়োজিত এই সভায় নেরুলী আবাদ শিবতলা পাড়ার ১৬২ নম্বর বুথের প্রায় ৪০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ব্লক সভাপতি তাজউদ্দীন মোল্লা। বিজেপি থেকে আসা কর্মীরা জানান, তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজ দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন এবং আগামীতেও এই উন্নয়নের সঙ্গী হতে চান।
প্রস্তুতি সভায় একুশে জুলাই শহীদ দিবসের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে, বিজেপির স্থানীয় নেতারা এই যোগদানকে গুরুত্ব না দিয়ে কটাক্ষ করেছেন।
তৃণমূল নেতৃত্ব অবশ্য এই যোগদানকে বড় সাফল্য হিসেবে দেখছেন এবং দাবি করেছেন, এলাকায় বিজেপির ভিত্তি ক্রমশ দুর্বল হচ্ছে।
এই অনুষ্ঠানে তৃণমূলের একাধিক স্থানীয় নেতা এবং কর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ দিবস ঘিরে দলের পরিকল্পনাও চূড়ান্ত হয়।





