পার্ক স্ট্রিট, নিউ মার্কেটে বানজারা ‘নাবালক গ্যাং’য়ের নজরে বিদেশি পর্যটকরা.। ভিক্ষা চাওয়ার নামে প্রথমে একসঙ্গে ঘিরে ধরা। তারপর পায়ে পড়ে যাওয়া। কখনও বা ধাক্কা লেগে অজ্ঞান হয়ে যাওয়ার ভান করা। সব কিছুই আসলে কৌশল। এই পদ্ধতিতে কোনওমতে ‘শিকার’কে বিভ্রান্ত করে দেওয়া। তারপর সুযোগ বুঝে পথচারীর পকেট থেকে টাকা, মোবাইল, কখনও বা মানিব্যাগ হাতিয়ে নেওয়া।
এভাবে রাস্তার উপর ‘শিকার’ খুঁজে লুটপাট হয়েছে আগেও। কিন্তু এবার তাদের ‘শিকার’ খোঁজার ধরন দেখে নতুন স্ট্র্যাটেজি তৈরি করছে পুলিশও। কারণ, এবার পড়েছে বিদেশি পর্যটকদের নজর পড়েছে রাজ্যের বানজারা গ্যাংয়ের। শহরের আশপাশের জেলার বিভিন্ন জায়গায় ডেরা বেঁধে থাকা বানজারাদের ‘নাবালক গ্যাং’কে দিয়েই বড়রা এই অপরাধ করাচ্ছে বলে অভিযোগ পুলিশের। বড়দের চোখের ইশারায় এই কিশোর-কিশোরীরা বিদেশিদের ‘টার্গেট’ করার চেষ্টা করছে বলে খবর এসেছে পুলিশের কাছে। বিদেশিদের কাছ থেকে বিদেশি মুদ্রা ও মূল্যবান মোবাইল হাতিয়ে নেওয়ার ছক কষছে তারা।





