‘আপনার গল্প বাঁচাতে পারে একটি প্রাণ’ এই থিমকে সামনে রেখে সোমবার বংশীহারী হাইস্কুলে পালিত হল বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস। চাইল্ড ইন নিড ইন্সটিটিউট (সিনি)-এর উদ্যোগে ও পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী ও অভিভাবকরা। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শহর পরিক্রমা করে। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মূল অনুষ্ঠান সূচিত হয়। এদিন জলে ডোবার হাত থেকে কীভাবে সতর্ক থাকা যায়, তা নিয়ে শিশুদের দ্বারা একটি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ করা হয়। প্রচুর মানুষ ও পড়ুয়া এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বংশীহারী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত ঘোষ, শিক্ষিকা গোপা ভট্টাচার্য, নারী মুক্তি মহিলা সমিতির চিফ কো-অর্ডিনেটর প্রণবকুমার বসাক, ড্রাউনিং প্রিভেনশন প্রোজেক্টের কো-অর্ডিনেটর গৌতম হালদার এবং সংস্থার মাস্টার ট্রেনাররা। মাস্টার ট্রেনার সুদীপ্ত মুখোপাধ্যায় জানান, প্রতিবছর বিশ্বে প্রায় ৩ লক্ষ মানুষ সামান্য অসতর্কতার কারণে জলে ডুবে প্রাণ হারান। আমাদের সংস্থার লক্ষ্য এই মৃত্যু রোধে জনসচেতনতা গড়ে তোলা। তিনি জানান, এই ধরনের সচেতনতা শিবিরই পারে মানুষকে জীবনের প্রতি আরও সাবধান হতে শেখাতে।





