হিন্দি ও উর্দু সাহিত্যের সম্রাট মুন্সি প্রেমচাঁদের ১৪৫তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার আসানসোল পুরনিগম ও পুরনিগমের হিন্দি একাডেমির যৌথ উদ্যোগে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো।
এই উপলক্ষে এদিন আসানসোল পুরনিগমের সদর দপ্তরের সামনে মুন্সি প্রেমচাঁদের মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় এবং আসানসোল পুরনিগমের কর্মচারীরা। সকলেই মুন্সি প্রেমচাঁদের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, মুন্সি প্রেমচাঁদের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তার শৈশব অনেক কষ্টের মধ্যে কেটেছে। কিন্তু তিনি তার প্রতিভাকে হারিয়ে যেতে দেননি। তিনি তাঁর প্রতিভার জোরে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন।
তিনি আরো বলেন, মুন্সি প্রেমচাঁদ তার গল্পের মাধ্যমে সমাজের কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তিনি তার সৃষ্টির মাধ্যমে বিশেষ করে নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, যা ২০২৫ সালেও সমানভাবে প্রাসঙ্গিক। মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে আসানসোল পুরনিগম মুন্সি প্রেমচাঁদের মতো মহান ব্যক্তিদের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী স্মরণ করে। যাতে ভবিষ্যত প্রজন্ম তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারে।





