ঘাটালের বিভিন্ন এলাকায় জল বাড়ছে। একটানা ভারী বৃষ্টির ফলে আবার ঘাটালের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দেওয়ানচক ১ ও ২, অজবনগর ১ ও ২, পঞ্চায়েতের বেশ কিছু গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। জল বাড়ছে শিলাবতী, ঝুমি নদীতে। রূপনারায়ন নদীর জলও বাড়ছে। ঝুমি নদীর জল বৃদ্ধি পাওয়ায় মনসুকা পঞ্চায়েতের একাধিক এলাকা প্লাবিত হয়েছে। ঘাটাল পৌরসভার নিচু এলাকা ফের প্লাবিত হয়েছে। ঘাটাল পৌর সভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ড প্লাবিত।
যার ফলে ঘাটালের বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, প্লাবিত এলাকাগুলিতে প্রশাসনের তরফে রান্না করা খাবার, শুকনো খাবার দেওয়া হচ্ছে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, প্লাবিত এলাকার মানুষজনকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে। কমিউনিটি কিচেন চালু আছে। মেডিকেল ক্যাম্প চালু আছে। পরিস্থিতির পর নজর রাখা হয়েছে।
তবে জমি নদীর জল যেভাবে মনসোকারসহ বিভিন্ন এলাকায় প্রবেশ করছে, তার ফলে বহু পরিবারকে ফের ঘর ছেড়ে ত্রান শিবিরে আশ্রয় নিতে হবে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। এই জল যন্ত্রণার কারণে চরম সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে আকাশের মুখ ভার, মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে, ঘাটালের বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতির হওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।





