দিগনগর ইউনিয়ন কো-অপারেটিভ এগ্রি ক্রেডিট সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেসের ন’জন প্রার্থী। গুসকরা পৌরসভার অন্তর্গত ধাড়াপাড়ায় অবস্থিত দিগনগর ইউনিয়ন কো-অপারেটিভ এগ্রি ক্রেডিট সমবায় সমিতি নির্বাচনে শনিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সমিতির তরফে জানানো হয়, বিকেল তিনটে পর্যন্ত তৃণমূলের ৯ জন প্রতিদ্বন্দ্বী ছাড়া অন্য কোনো দল প্রার্থী দেয়নি। স্বাভাবিকভাবেই তৃণমূলের ন’জন সদস্যকে জয়ী ঘোষণা করা হয়।
একদিন গুসকরা ধারাপাড়ার তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য নিয়ে যায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। মনোনয়নপত্র জমা দেওয়ার পর আবির খেলায় মেতে ওঠে তৃণমূল কর্মী-সমর্থকরা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্ডার। তিনি জানান, এখনও পর্যন্ত যে সমস্ত এলাকায় নির্বাচন হয়েছে, প্রত্যেক এলাকায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। এর থেকে বোঝা যায় ২৬-এর বিধানসভায় সাধারণ মানুষ তৃণমূলকে পুনরায় নির্বাচিত করার জন্য তৈরি রয়েছেন।





