মানুষই নির্ধারণ করবে নিজের প্রয়োজনীয়তা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী কর্মসূচি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের বিষ্ণুপুর অঞ্চলের বিষ্ণুপুর গ্রামে আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, শালবনি পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ ও শালবনি ব্লকের জয়েন্ট বিডিও দেবব্রত কোণার সহ বিষ্ণুপুর অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধিরা।
মঙ্গলবার বিষ্ণুপুর গ্রামে আয়োজিত ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে গ্রামবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গ্রামবাসীরা তাদের গ্রামের সমস্যার কথা লিখিতভাবে জানায় ওই কর্মসূচিতে উপস্থিত আধিকারিকদের। শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি প্রতিটি এলাকার উন্নয়নে সহায়ক হবে। গ্রামবাসীরা নিজেদের এলাকার উন্নয়নের দাবি নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে শামিল হয়েছেন। তিনি এলাকার সর্বস্তরের মানুষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।





