গত জুন ও জুলাই মাসের প্রচণ্ড গরম ও বৃষ্টির অভাবে চা গাছের ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন ময়নাগুড়ি ব্লকের ক্ষুদ্র চা চাষিরা। তবে বর্তমানে লাগাতার বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। শুকিয়ে যাওয়া বা পুড়ে যাওয়া চা গাছগুলির অবস্থা কিছুটা উন্নত হয়েছে, ফলে আগামি আগস্ট-সেপ্টেম্বরের মূল পাতা তোলার মরসুমের আগে উপকার মিলছে।
জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান, জুন-জুলাইয়ের দাবদাহে বহু চা গাছ মরে গেছে বা ঝলসে গেছে, এমনকি নতুন রোগও দেখা দিয়েছে। এখন বৃষ্টির কারণে গাছ কিছুটা সুস্থ হচ্ছে। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কাঁচা পাতার দাম বাজারে বর্তমানে মাত্র ১৩-১৪ টাকা কেজি, যা চাষিদের জন্য নিরাশাজনক।
চাষি চিত্তরঞ্জন মল্লিকের বক্তব্য, উৎপাদন খরচের তুলনায় বাজারদর এতটাই কম যে লাভের পরিমাণ নগণ্য। উত্তরবঙ্গ ক্ষুদ্র প্রান্তিক চা চাষি সমিতির সহ-সভাপতি বিভাস পাল জানান, ময়নাগুড়ি ব্লকে প্রায় ৮ হাজার ক্ষুদ্র চাষি আছেন এবং এবারের প্রাকৃতিক দুর্যোগে অনেকের গাছ নষ্ট ও আক্রান্ত হয়েছে। বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও, কম দামের কারণে আর্থিক সঙ্কট কাটছে না।





