অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। সোমবার তাকে দুর্গাপুর আদালতে পাঠানো হয়। সুত্রের খবর, রবিবার রাতে ঝাড়খন্ডের ধানবাদ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। আজ সোমবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৩১ জুলাই বৃহস্পতিবার বড়জোড়ার হাট আঁশুড়িয়া এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে গরু নিয়ে দুর্গাপুরের গ্যামন ব্রিজ হয়ে জেমুয়ায় যাচ্ছিল পিকআপ ভ্যানটি। সেই সময় গ্যামন ব্রিজ এলাকায় কয়েকজন কর্মীকে সাথে নিয়ে গাড়ি আটকান বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলী। অভিযোগ, গাড়ির চালককে ঘাড় ধরে গাড়ি থেকে নামান তিনি ও তাঁর অনুগামীরা। এমনকি গাড়িতে থাকা কয়েকজনকে মারধর করা হয়। সাথে কান ধরে অত্যাচার করারও অভিযোগ ওঠে পারিজাত ও তাঁর সাকরেদদের বিরুদ্ধে। এই ঘটনার পরেই কোকওভেন থানায় পারিজাত গাঙ্গুলী ও কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।
এরপর এক এক করে ওই ঘটনার সাথে যুক্ত পারিজাত অনুগামীদের গ্রেফতার করতে শুরু করে কোক-ওভেন থানার পুলিশ। যদিও গা ঢাকা দিয়ে ছিল পারিজাত। গত শনিবার পর্যন্ত মোট ৭ জন পারিজাত অনুগামী তথা বিজেপি কর্মী গ্রেফতার হয়। কিন্তু তখনও অধরা ছিল পারিজাত। এদিকে পারিজাতকে গ্রেফতার করার ব্যাপারেও বেশ জোরদার হচ্ছিল প্রতিবাদ। অবশেষে রবিবার ধানবাদ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ। পারিজাত গাঙ্গোপাধ্যায়ের গ্রেপ্তার প্রসঙ্গে দুর্গাপুর দক্ষিণের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই দাবি করেন, পারিজাত গঙ্গোপাধ্যায় নিজেই আত্মসমর্পণ করেছেন।





