ভারতের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নয়া এই সিদ্ধান্তে ভারতীয় পণ্যের উপর একধাক্কায় এবার ৫০ শতাংশ শুল্ক বসেছে। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার পথে নেমে বিক্ষোভ দেখালেন ভারতীয় ব্যবসায়ীরা। ভারতের উপর যেভাবে শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তার বিরুদ্ধেই আজ মঙ্গলবার জয়পুরে রাজা পার্ক মেন স্কোয়ারে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। শুধু তাই নয়, অবিলম্বে মার্কিন পণ্য বয়কটের ডাকও দেন তাঁরা। ট্রাম্পের কুশপুতুলও পোড়ানো হয়। পাশাপাশি মার্কিন পণ্য এবং ডলারে আগুন জ্বালিয়ে তীব্র প্রতিবাদ জানান ব্যবসায়ীরা।
মার্কিন শুল্ক নীতির কারণে বড়সড় ধাক্কা জয়পুরের রপ্তানিকারীদের। বিশেষ করে গয়নাশিল্প, হস্তশিল্প এবং পোশাক সেক্টরে প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। জয়পুর থেকে ব্যাপক পরিমাণে এই সমস্ত পণ্য আমেরিকায় রপ্তানি হয়ে থাকে। কিন্তু শুল্ক নীতির কারণে এতে বড় প্রভাব পড়েছে। রাজা পার্ক ব্যাপার মণ্ডলের সভাপতি রবি নায়ার বলেন, ”যেভাবে আমেরিকা দুই ধাপে ২৫ শতাংশ করে মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে তা অনৈতিক। এহেন পদক্ষেপের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া প্রয়োজন।” ব্যবসায়িক সংগঠনের তরফে মার্কিন পণ্য বয়কটের আহ্বান জানানো হয়েছে।





