শ্রাবণী মেলা উপলক্ষে জল্পেশ মন্দিরে জল ঢালতে এসে চুরির কবলে পড়লেন শিলিগুড়ির ফাঁসিদেওয়া এলাকার একদল যুবক। রবিবার রাত সাড়ে দশটা নাগাদ তারা একটি চারচাকা গাড়ি নিয়ে ময়নাগুড়ি পঞ্চ সমিতির পক্ষ থেকে তৈরি মেলার মাঠের পার্কিং জোনে গাড়ি রেখে মন্দিরে যান পূজা দিতে।
ফিরে এসে দেখেন, গাড়ির দরজা খোলা এবং ড্যাশবোর্ড থেকে দুটি মোবাইল ফোন ও প্রায় চার হাজার টাকা উধাও। অভিযোগ, দুষ্কৃতিকারীরা গাড়ির লক ভেঙে চুরি করে পালিয়েছে।
পার্কিং জোনের দায়িত্বপ্রাপ্তদের জানালেও তারা গুরুত্ব দেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন যুবকেরা। পরে কোনও সুরাহা না পেয়ে তারা ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।





