সাউথ ব্লক থেকে নতুন ঠিকানায় স্থানান্তরিত হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর। আগামী মাসে নেওয়া হবে নবনির্মিত একটি ভবনে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এটির নামকরণ করা হয়নি।
রাষ্ট্রপতি ভবনের পূর্ব পাশে অবস্থিত সাউথ ব্লক কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক ভবনগুলোর একটি। স্বাধীনতার পর থেকে ভারত সরকারের প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এই নর্থ ও সাউথ ব্লক। এখান থেকেই দেশের সর্বোচ্চ সরকারি কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। প্রধানমন্ত্রীর দপ্তর ছাড়াও সাউথ ব্লকে আছে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর দপ্তরের নতুন ভবনটি এই সাউথ ব্লক থেকে কয়েক’শ মিটার দূরে। সম্প্রতি প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি পরিকল্পিত এলাকা গড়ে তোলা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর দপ্তর ছাড়াও থাকবে মন্ত্রিপরিষদ সচিবালয়।
নতুন এই প্রশাসনিক এলাকায় এরইমধ্যে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় স্থানান্তর করা হয়েছে। এগুলোর কাজ চলবে কর্তব্য ভবন-৩ এ। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর দপ্তরের নামের সঙ্গে ‘সেবা’ শব্দটি থাকতে পারে।
প্রায় আট দশক ধরে নর্থ ও সাউথ ব্লক থেকে প্রশাসনিক কার্যক্রম চালিয়ে আসছে দেশের সরকার। নতুন এলাকায় দপ্তর স্থানান্তরের পর এই দুটি ভবন জাদুঘর হিসেবে গড়ে তোলা হবে। নাম রাখা হবে ‘যুগে যুগীন ভারত সংগ্রহালয়’। এর মাধ্যমে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে।





