কলকাতায় আসার আগে এক্স হ্যান্ডলে পোস্ট করে আসন্ন সফর নিয়ে উন্নয়নের বার্তা দিলেন মোদি। জোড়া পোস্টে রাজ্যের শাসকদল তৃণমূলকেও নিশানা করেছেন মোদি। তাঁর দাবি, বাংলা পরিবর্তনের অপেক্ষায়, বিজেপির ক্ষমতায় আসার অপেক্ষা করছেন বঙ্গবাসী। তার কারণ, বিজেপির উন্নয়নযজ্ঞের সুফল পেতে আগ্রহী সকলে। বিশেষত যেখানে বাংলার জন্য উন্নয়ন চালিয়ে যাচ্ছে বিজেপি।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদি নিজের এক্স হ্যান্ডল পোস্টে লিখেছেন, ”কলকাতার মানুষের কাছে আসাটা সবসময় বাড়তি আনন্দের বিষয়। এই শহরের উন্নয়নে আমরা বরাবর বদ্ধপরিকর। আগামিকালের (শুক্রবার) অনুষ্ঠান শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে।
নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ-এসপ্ল্যানেড এবং বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় রুটে নতুন মেট্রো পরিষেবা চালু হবে। এর ফলে বিমানবন্দর থেকে সবদিকের যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে। পাশাপাশি তথ্য-প্রযুক্তি কেন্দ্রগুলিরও যোগাযোগও আরও ভাল হবে।” এছাড়া শুক্রবার তিনি বিজেপি কার্যকর্তাদের এক মিছিলে অংশ নেবেন বলেও জানান।





