হুগলী গ্রামীণ জেলা পুলিশ ও গোঘাট থানার তৎপরতায় উদ্ধার হলো ৫০ কেজি পিতলের জিনিষপত্র, গ্রেফতার করা হল চারজনকে। জানা গিয়েছে, ১৫ দিন আগে কিছু ব্যক্তি গ্রামে প্রবেশ করে গ্রামবাসীদের কাছ থেকে ভাঙা পিতল ও ব্রোঞ্জের জিনিস নতুন করে ফেরত দেওয়ার নাম করে সংগ্রহ করে, তা নতুন হিসেবে ফেরত দেওয়ার অজুহাত দিয়ে প্রতারণা করে। এরপর গোঘাটের বাদানগঞ্জ বিট হাউসের অন্তর্গত ঝাড়িয়া এলাকার বাসিন্দা ঝর্ণা ঘোরুই নামে এক মহিলা গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় গোঘাট থানায় একটি মামলা রুজু হয়।
ওসি গোঘাট থানার নির্দেশে এসআই সুব্রত সাধু, আইসি বদনগঞ্জ ফাঁড়ি ও পুলিশ তদন্তে নেমে অভিযান চালায়। গোপন সূত্রে খবর পেয়ে চারজন অভিযুক্তকে কামারপুকুরচটি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে কিছু পিতলের সামগ্রী উদ্ধার হয়। পুলিশ ওই চার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে, তারা জানায় জিনিষপত্রগুলি কামারপুকুর এলাকায় একটি দোকানে বিক্রি করে দিয়েছে তারা। এরপর পুলিশ ওই দোকান থেকে জিনিষপত্রগুলি উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দেয়।





