নিম্নচাপের প্রভাবে একটানা বাড়ি বৃষ্টি হলে ঘাটালের উপর দিয়ে বয়ে যাওয়া শিলাবতী ,কেঠিয়া ও ঝুমিনা দিতে জল বাড়ছে। ইতিমধ্যে ঘাটাল ব্লকের মনসুকা, অজব নগর সহ বিভিন্ন এলাকায় বন্যার জল ঢুকতে শুরু করেছে। সেই সঙ্গে ঘাটাল পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে রবিবার বন্যার জল প্রবেশ করেছে। যখন বন্যার জল ধীরে ধীরে কমছে ঠিক সেই মুহূর্তে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির ফলে ফের বিভিন্ন নদীতে জল বাড়ছে, তাই ঘাটালের বানভাসি এলাকার বাসিন্দারা ষষ্ঠবার বন্যার কবলে পড়ার আশঙ্কা করছেন। ইতিমধ্যে ঘাটাল পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের গড় প্রতাপনগর এলাকায় যাতায়াতের জন্য নৌকো চালু করা হয়েছে।
ওই এলাকার বাসিন্দারা নৌকোতে যাতায়াত করছেন। ঘাটাল শহরের আড়গোড়া এলাকায় ক্রমশ বন্যার জল বিভিন্ন এলাকায় ঢুকতে শুরু করেছে। আকাশের মুখ ভার মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে ভারী থেকে হালকা ধরনের যার ফলে যথেষ্ট চিন্তায় পড়েছেন ঘাটালের বানভাসি এলাকার বাসিন্দারা ।
ঘাটালের পাশাপাশি চন্দ্রকোনা ও দাসপুরের বেশ কিছু এলাকা ফের নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন বিভিন্ন নদীতে জল বাড়ছে, পরিস্থিতির উপর নজরদারি শুরু করা হয়েছে, দুর্গত এলাকায় রান্না করা খাবার দেওয়ার কাজ এখনো চলছে। মেডিকেল ক্যাম্প চালু রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলা করার জন্য আগাম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।





