গভীর রাতে উত্তরপ্রদেশে ট্রাকের ধাক্কায় মৃত অন্তত আট তীর্থযাত্রী, আহত ৪৩ জন। জানা যাচ্ছে, বুলন্দশহরে তীর্থযাত্রী বোঝাই ট্রাক্টরটিকে পিছনে ধাক্কা মারে একটি ট্রাক। পুলিশ জানিয়েছে মৃতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। আহতদের মধ্যে অন্তত ১২ জন নাবালক। ধাক্কা মারার পরেই ট্রাকটি ফেলে পালায় চালক। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। ঘড়িতে সময় রবিবার রাত প্রায় ২টো ১০। বুলন্দশহর এবং আলিগড়ের সীমানায় আরনিয়া বাইপাসে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। জানা গিয়েছে, ট্রাক্টরটিতে মোট ৬১জন ছিলেন। সকলেই কাসগঞ্জ থেকে রাজস্থানে জহরপীর যাচ্ছিলেন তীর্থ করতে। বুলন্দশহরের এসএসপি দীনেশ কুমার সিং জানিয়েছেন, তীর্থযাত্রী বোঝাই ট্রাক্টরটিকে পিছন থেকে ট্রাক ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। এরপরেই এলাকার মানুষ জড়ো হয়ে পুলিশকে খবর দেন।





