সোমবার নবান্নে হবে ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠক। এই কাউন্সিলের চেয়ারপার্সন স্বয়ং মুখ্যমন্ত্রী। বৈঠকে আদিবাসী সমাজের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। ১৫ জন আমন্ত্রিত সদস্য রয়েছেন। সেখানেই দুই বিজেপি নেতার নাম রয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত থাকার জন্য রাজ্য সরকারের তরফে আমন্ত্রণ করা হয়েছে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে। এছাড়াও আমন্ত্রিতের তালিকায় রয়েছেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা দশরথ তিরকেও। দু’জনকেই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে নবান্নের তরফে। একইসঙ্গে ফোনেও তাঁদের আমন্ত্রণ করা হয়েছে। সূত্রের খবর, এর আগে ২০২২ সালে শিলিগুড়িতে আদিবাসী কাউন্সিলের এই বৈঠকে যোগ দিয়েছেন দশরথ।





