দাবা বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বসিত মোদি। গোয়ায় ৩০ অক্টোবর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আর এরজন্য বেজায় খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বকাপ আয়োজনের খবর সামনে আসায় সোশাল মিডিয়ায় পোস্ট করে স্বাগত জানিয়েছেন।
২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। সেবার হায়দরাবাদে শিরোপা জিতেছিলেন বিশ্বনাথন আনন্দ। সোমাবার FIDE একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, গোয়াকে আসন্ন দাবা বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হয়েছে। আসন্ন বিশ্বকাপে ২০৬ জন নামজাদা দাবাড়ু নকআউট ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গিয়েছে।





