পর্যটক টানতে পাহাড়ে ‘চা-ট্রেন’। চা ট্রেন চলবে প্রতি শনিবার ও রবিবার। একই দিনে চলবে স্টিম ইঞ্জিন এবং রবিবার চলবে ‘কার্শিয়াং মহানদী সানরাইজ স্পেশাল সার্ভিস’। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধিকর্তা ঋষভ চৌধুরী বলেন, “১৮৮০ সালে শিলিগুড়ি থেকে কার্শিয়ং পর্যন্ত প্রথম টয় ট্রেন পরিষেবা শুরুর ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ২৩ আগস্ট প্রতিষ্ঠা দিবস পালন করেছে।
দিনটি স্মরণীয় করে রাখতে এবার পর্যটকদের জন্য তিনটি পরিষেবা চালু হচ্ছে।” তিনি জানান, ১৪৫ বছর আগে প্রথম টয় ট্রেনের বাঁশি পাহাড়ের প্রতিধ্বনিত হয়েছিল। দার্জিলিংকে সমতলের সঙ্গে জুড়েছিল। জানা গিয়েছে, প্রতি শনিবার ও রবিবার চা ট্রেন দুপুর ১২ টা নাগাদ শিলিগুড়ি থেকে ছেড়ে দুপুর দেড়টায় রংটং স্টেশনে পৌঁছবে। সেখানে চার ঘন্টা থাকবে। ওই সময়ের মধ্যে যাত্রীদের আশপাশের চা বাগান, চা কারখানা, চা পাতা তোলা ঘুরে দেখানো হবে। স্থানীয় খাবার খাওয়ার সুযোগ পাবেন। এরপর ট্রেনটি শিলিগুড়িতে ফিরে যাবে।
পরিষেবাটি বাগডোগরা বিমানবন্দর হয়ে আসা পর্যটকদের কাছে আকর্ষণীয় হবে বলে রেল কর্তাদের দাবি। অন্যদিকে প্রতি শনিবার দার্জিলিং থেকে একটি স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেন কার্শিয়াং পর্যন্ত চলবে। রবিবার কার্শিয়াং থেকে দার্জিলিংয়ে ফিরে যাবে। যাত্রা পথে স্টেশনের পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলিতে দাঁড়াবে।





