কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডিকুল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন চরম বেহাল অবস্থায় পৌঁছেছে। প্রায় দুই বছর ধরে বিশাল আকারের ফাটল মেরামত না হওয়ায় যেকোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। শিশু ও গর্ভবতী মহিলাদের জীবন এখন ঝুঁকির মুখে পড়েছে। ফলে অভিভাবকদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে কেন্দ্রটিতে নথিভুক্ত রয়েছে ৬৮ জন শিশু।
অভিভাবক শিপ্রা রায় সরকার জানান, ডিকুল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা ভয়াবহ। ভবনের ছাদ যেকোনও সময় ধসে পড়তে পারে। ছোট ছোট শিশু ও গর্ভবতী মহিলারা প্রাণ হাতে নিয়ে এখানে সময় কাটাচ্ছে। অবিলম্বে সংস্কার না হলে বড় বিপদ ঘটতে পারে।
অঙ্গনওয়াড়ি কর্মী জয়শ্রী বর্মন বলেন, দুই বছর ধরে ভবনের ফাটল একই অবস্থায় রয়েছে। অভিভাবকরা আতঙ্কে শিশুদের পাঠাতে অনিচ্ছুক। আমরা একাধিকবার সংস্কারের দাবি জানিয়েছি, কিন্তু ফল মেলেনি।
মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের সদস্য ভুবন সরকার জানান, ডিকুল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন বিপজ্জনক অবস্থায় রয়েছে। শিশু ও গর্ভবতী মহিলাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত।
কুশমন্ডি ব্লকের সিডিপিও পল্লব চক্রবর্তী আশ্বাস দিয়ে বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। ডিকুল কেন্দ্রের বিষয়ে জেলা শাসককে অবহিত করা হয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের মাধ্যমেও অভিযোগ জানানো হবে। দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।





