বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর বাড়তে থাকা নির্যাতন, বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে সংগঠন আমরা বাঙালি। আগামী ৩রা সেপ্টেম্বর কলকাতার ধর্মতলায় মহাসমাবেশের ডাক দিয়েছে তারা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের আর্থিক সংকট, কেন্দ্রের বঞ্চনা ও ঔপনিবেশিক শোষণের কারণে আজ বাংলার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। প্রচারে বলা হয়েছে—বাংলার সম্পদ পশ্চিমী পুঁজিপতি শোষকরা লুট করছে, অথচ বাংলার সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে না।
আমরা বাঙালির কেন্দ্রীয় সচিব জ্যোতি বিকাশ সিনহা, কেন্দ্রীয় সহ-সচিব সুনীল মাহাত ও কেন্দ্রীয় সংগঠন সচিব তপময় বিশ্বাস যৌথভাবে বিবৃতি দিয়ে বাঙালিদের আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর অবিচার ও নির্যাতন সহ্যের সীমা অতিক্রম করেছে। তাই এখনই প্রতিবাদে রাস্তায় নামা ছাড়া অন্য পথ নেই।
সংগঠনের ভাষায়, এক সময় যেমন ব্রিটিশদের বিরুদ্ধে দেশাত্ববোধে জেগে উঠেছিল বাঙালি, আজও সেই ঐক্যের প্রয়োজন। না হলে বাংলার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে ময়নাগুড়ির কেন্দ্রীয় কমিটির সদস্য খুশি রঞ্জন মন্ডল জানিয়েছেন, আমরা গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে বাঙালিদের এই সমাবেশে যোগদানের আবেদন জানাচ্ছি।
ফলে আগামী ৩রা সেপ্টেম্বর ধর্মতলায় এই সমাবেশ কতটা জনসমর্থন টানে, তা নিয়ে এখন থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।





