ফসল রক্ষার জন্য বেআইনি বিদ্যুৎবাহী তারের বেড়ায় স্পর্শ লেগে মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক মাকনা হাতির আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বিজয়পুর বস্তি এলাকায় । রবিবার রাতে হাতিটি স্থানীয় কালে সোনারের সুপারি বাগানে ঢুকে গাছপালা ভাঙচুর করে। পরে বের হওয়ার সময় বিদ্যুতের তারে স্পর্শ করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
সোমবার সকালে স্থানীয়রা মৃত হাতিটিকে দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেন। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমে ওই অবৈধ বিদ্যুৎ বেড়া উদ্ধার করেন। অভিযোগ, কালে সোনার প্রতিদিন রাতে তার বাগানের চারপাশে বৈদ্যুতিক প্রবাহ চালু করে রাখতেন, যাতে হাতি প্রবেশ না করে। ইতিমধ্যেই বনদপ্তর তাঁকে আটক করেছে।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন জানিয়েছেন, অভিযুক্ত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় এখনই গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁর বিরুদ্ধে ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনে হাতি হত্যার মামলা রুজু করা হয়েছে। তিনি সুস্থ হলেই গ্রেপ্তার করে আদালতে তোলা হবে।
উল্লেখ্য, দু’বছর আগেও একই এলাকায় দাঁতাল হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিল। সচেতনতা অভিযান সত্ত্বেও গ্রামবাসীদের অসচেতনতা আবারও বুনো প্রাণীর মৃত্যুর কারণ হল। মৃত হাতিটির দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গলের গভীরে নিয়ে যাওয়া হয়েছে।





