উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিদা গ্রামের বাসিন্দা দাদা ইয়াসিন শেখ ও ভাই আনিসুর শেখের দুই স্ত্রীর সঙ্গে গ্রামের আরিফ মোল্লার প্রেম প্রণয়ের সম্পর্ক ছিল। সোমবার সন্ধ্যায় আনিসুর গ্যারেজের কাজ সেরে বাড়ি ফিরে দেখতে পায় তাঁর বাবা মা ও তিন মেয়ে অচেতন হয়ে রয়েছে। বাড়িতে নেই স্ত্রী, বৌদি ও এক মেয়ে। পরবর্তীতে বাবা-মা তিন মেয়েকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করান আনিসুর।
মঙ্গলবার সকালে জ্ঞান ফিরলে তাঁর বাবা-মা জানায়, সোমবার সন্ধ্যায় আরিফ এসে দুই বউয়ের কাছে কিছু একটা দিয়ে গিয়েছিল তারপরেই চা বানিয়ে দিয়েছিল বাড়ির দুই বউমা। সেই চা খাওয়ার পর থেকেই তাঁরা অচেতন হয়ে পড়েছে। সোমবার সন্ধ্যা থেকেই বাড়ির বড় বউ কুলচান মল্লিক, ছোট বউ নাজমা মন্ডল এক মেয়েকে নিয়ে আরিফের সঙ্গে চম্পট দিয়েছে বলেই তাঁদের অভিযোগ। মঙ্গলবার আনিসুর বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।





