এবার আর ভিনরাজ্যে নয়, বাংলার মাটিতেই বাঙালি বলে কাজ থেকে ছাঁটাই করা হলো কয়েকজন শ্রমিককে। অভিযোগ উঠেছে, ভিনরাজ্যের শ্রমিক এনে কাজ করানোর পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। ফলে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সন্দেশখালীর শিরিষতলা এলাকার পাঁচ শ্রমিকের সংসারে নেমে এসেছে দুর্দশা।
স্থানীয় সূত্রে জানা যায়, শিরিষতলার গৌরাঙ্গ বাড়ুই, সনজিৎ মন্ডল সহ আরও তিনজন বহুদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের একটি জুতোর কারখানায় কাজ করতেন। অন্যান্য বাঙালি শ্রমিকদেরও সেখানে কাজ ছিল। কিন্তু গত শুক্রবার হঠাৎ কোম্পানির ম্যানেজার এসে ঘোষণা করেন—বাংলায় কথা বলা শ্রমিকদের আর প্রয়োজন নেই, তাঁদের কাজ করতে দেওয়া হবে না। এরপরই ওই পাঁচজনকে সরাসরি বের করে দেওয়া হয়।
কাজ হারানো শ্রমিকরা সঙ্গে সঙ্গে কারখানার বাইরে বিক্ষোভ দেখালেও তাতে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত খালি হাতে বাড়ি ফিরতে বাধ্য হন তাঁরা। এদিকে সংসার চালানো এখন বড় চ্যালেঞ্জ। কারণ দিন আনা দিন খাওয়া এই শ্রমিক পরিবারের সামনে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
শ্রমিকরা জানিয়েছেন, সন্দেশখালীর মতো প্রত্যন্ত এলাকায় কাজের সুযোগ অতি সীমিত। তাই অনেকে দূরে গিয়ে উপার্জন করেন। কিন্তু সেখানেও যদি বাঙালি বলে চাকরি খোয়াতে হয়, তাহলে তাঁদের বেঁচে থাকা আরও কঠিন হয়ে পড়বে।
কাজচ্যুত শ্রমিক পরিবারগুলো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে। তাঁদের অভিযোগ—এই সিদ্ধান্ত শুধু শ্রমিকদের নয়, গোটা বাঙালি সমাজের প্রতি অপমান। দ্রুত ব্যবস্থা না নিলে আরও অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন।





