বুধবার থেকেই বন্ধ হচ্ছে ব্লু লাইনের শেষ মেট্রো। মেট্রোর সঙ্গে বাড়ছে যাত্রীর সংখ্যাও। এই পরিস্থিতিতে ব্লু লাইনের যাত্রীদের জন্য খারাপ খবর। রাতে বাড়ি ফেরার মেট্রো মিলবে না আর! বন্ধ হচ্ছে শেষ ট্রেন। আগামিকাল অর্থাৎ বুধবার থেকেই বন্ধ হচ্ছে রাত ১০ টা ৪০-এর মেট্রো পরিষেবা। সামনেই দুর্গাপুজো। বহু মানুষ শেষ মেট্রোর উপরে নির্ভরশীল। হঠাৎ রাত ১০ টা ৪০-এর মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে চরম ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে নিত্যযাত্রীদের।
মেট্রোর তরফ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকার জন্য মেট্রো পরিষেবায় কিছু পরিবর্তন করতে হয়েছে। এর ফলে পরিষেবাতেও প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে ব্লু লাইনের রাতের মেট্রো চালানো হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে মেট্রোর তরফে জারি করা বিবৃতিতে। বিজ্ঞপ্তিতে মেট্রোর দাবি, পরীক্ষামূলকভাবে এই রাত ১০ টা ৪০-এর মেট্রো পরিষেবা চালানো হচ্ছিল। দমদম পর্যন্ত এই মেট্রোর পরিষেবা ছিল। সেটাই এবার বন্ধ করে দেওয়া হল।





