ভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর চলা নির্যাতন, মৃত্যু এবং বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ইছামতি ব্রিজে আয়োজিত হয় তৃণমূল কংগ্রেসের বিশাল মিছিল।
বসিরহাট ১ নম্বর ব্লকের উদ্যোগে এই কর্মসূচিতে কয়েক হাজার মহিলা ও পুরুষ কর্মী-সমর্থক ফেস্টুন, ব্যানার এবং দলীয় পতাকা হাতে অংশ নেন। সংগ্রামপুর থেকে ইছামতি ব্রিজ বোটঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ পদযাত্রা অনুষ্ঠিত হয়। মিছিলে স্লোগান ওঠে— মাতৃভাষা বিরোধী বিজেপি হটাও, বাঙালি শ্রমিক বাঁচাও। তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে বাংলার শ্রমিকদের উপর নির্যাতন চালাচ্ছে এবং তাঁদের বাংলাদেশি আখ্যা দিয়ে সমগ্র বাঙালি জাতিকে অপমানিত করছে।
এই মহা মিছিলে নেতৃত্ব দেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ সাহানুল মন্ডল, বসিরহাট ১ নম্বর যুব তৃণমূল সভাপতি শারিফুল মন্ডল, তৃণমূল নেতা শফিকুল দফাদার, পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সদ্দার, সহ-সভাপতি চন্দ্রনাথ চৌধুরী এবং তৃণমূল নেত্রী বেবী ঘোষ। অংশগ্রহণকারীদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।
নেতারা দাবি করেন, বিজেপির উস্কানি ও ষড়যন্ত্রেই ভিন রাজ্যে বাংলার শ্রমিকরা শারীরিক ও মানসিক যন্ত্রণা ভোগ করছেন, এমনকি প্রাণও হারাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর আগেই এই ইস্যুতে সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি করেছিলেন। রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের রাজনৈতিক মাটিতে শাসক ও বিরোধী উভয়ের সংঘাত আরও প্রকট হচ্ছে।





