জঙ্গল মহলে সাংবাদিক হেনস্থার ঘটনা নিয়ে এলাকায় তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমে সাংবাদিকদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। বুধবার আদিবাসী একতা মঞ্চের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রানীবাঁধের তালগোড়া মোড় থেকে পণ্ডিত রঘুনাথ মুর্ম্মু চকে পৌঁছায়।
ঘটনার সূত্রপাত ঘটে সম্প্রতি, যখন একটি সংবাদ প্রকাশিত না হওয়ায় এক বিশেষ রাজনৈতিক দলের একাধিক নেতার বিরুদ্ধে সংশ্লিষ্ট আদিবাসী সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠে। এই খবর প্রকাশ্যে আসতেই সাংবাদিক ও সংবাদমাধ্যমের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। সঙ্গে আদিবাসী একতা মঞ্চের সদস্যরাও প্রতিবাদে নামেন।
বিক্ষোভ মিছিলে হাজারো সাধারণ মানুষ অংশ নেন। মিছিল শেষে পণ্ডিত রঘুনাথ মুর্ম্মু চকে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতারা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে বাধ্য হন। আদিবাসী একতা মঞ্চের তরফে জানানো হয়েছে, তারা সাংবাদিক ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষেই সব সময় দাঁড়াবেন।
সংগঠনের প্রতিনিধিরা জানান, শুধু আদিবাসী সম্প্রদায়ের সাংবাদিক নয়, যেকোনো সাংবাদিকের উপর আক্রমণ বা হেনস্থার ঘটনা ঘটলে তারা একইভাবে প্রতিবাদে রাস্তায় নামবেন। এই উদ্যোগ সাংবাদিক সমাজে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।





