গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেই এশিয়া কাপ হকির সুপার ফোরে খেলতে নেমেছিল হরমনপ্রীতরা। তবে প্রথম ম্যাচ খেলতে নেমে একটু ধাক্কা খেতে হয় ভারতকে। গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে তারা।ফলে মালয়েশিয়ার বিরুদ্ধে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ ভারতের জন্য ছিল কার্যত ডু অর ডাই ম্যাচ। চিন আবার প্রথম ম্যাচে এই দক্ষিণ কোরিয়াকেই ৩-০ গোলে হারিয়ে রীতিমতো চমকে দিয়েছে। এই ম্যাচের আগে ভারত ও দক্ষিণ কোরিয়া দাঁড়িয়েছিল ১ পয়েন্টে। এই ম্যাচে আটকে গেলে ভারতের লড়াই কঠিন হয়ে যেত। উল্লেখ্য সুপার ফোর থেকে সেরা দুই দলই ফাইনাল খেলবে।
ম্যাচে এদিন শুরুতে গোল হজম করতে হয়েছিল ভারতকে। ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যেই গোল করে এগিয়ে যায় মালয়েশিয়া।শফিক হাসানের গোলে লিড নেয় তারা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই সমতায় ফেরে ভারত। ভারতকে সমতায় ফেরান মনপ্রীত। সমতায় ফেরার কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যবধান বাড়ান সুখজিৎ সিং।এরপর ভারত প্রথমার্ধেই ৩-১ করে ফেলে।গোল করেন শিলানন্দা লাকরা।দ্বিতীয়ার্ধে ৩-১ গোলে এগিয়ে থেকেই নেমেছিল ভারত। দ্বিতীয়ার্ধে ভারতের হয়ে গোল করেন বিবেক সাগর প্রসাদ।ফলে ৪-১ গোলে জিতে সুপার ফোরে এই মুহূর্তে শীর্ষে চলে গেল ভারত। শেষ সুপার ফোরের ম্যাচে ভারত মুখোমুখি হবে চিনের।





