প্রবলবর্ষণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ পরিদর্শনে বিধায়ক তথা তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। পরিদর্শনে গিয়ে তিনি দেখেন রাস্তার গুণগত মান খারাপ, ফলে বন্ধ করলেন রাস্তার কাজ বিধায়ক নিজেই। এই বছর প্রবল বর্ষণে পাণ্ডবেশ্বর বিধানসভার প্রচুর রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধীরে-ধীরে সব রাস্তার মেরামতের কাজ চালু হচ্ছে।
এবং বিশেষ করে পাণ্ডবেশ্বর ডিভিসি মোড় থেকে পাণ্ডবেশ্বর রেলগেট পর্যন্ত আগামী ৭ তারিখ কাজের পর্যবেক্ষণ হবে ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকের কাঁটাবেরিয়া- বরগড়িয়া রাস্তাটি ৭ কোটি টাকা ব্যয়ে কাজ অবিলম্বে শুরু হবে। আজ শুক্রবার থেকে শুরু হয়েছিল দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সরপি মোড় থেকে হেতেডোবা পর্যন্ত রাস্তা মেরামতের কাজ। রাস্তার কাজের গুণগতমান খারাপ হওয়ার জন্য রাস্তা মেরামতের কাজ বন্ধ করলেন বিধায়ক।
বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘বিগত ২৫ বছরে এই ধরনের বর্ষা সাধারণ মানুষ দেখেনি, তাই পাণ্ডবেশ্বর বিধানসভার প্রচুর রাস্তা এই বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধীরে-ধীরে প্রত্যেকটি রাস্তা মেরামত ও নতুনভাবে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আজ যে সরপি মোড় হইতে রাস্তাটি মেরামতের কাজ হচ্ছিল, তার গুণগত মান অত্যন্ত নিম্নমানের। তাই মানুষের টাকা, মানুষের কাজ, কোনোভাবেই নিম্নমানের সামগ্রী দিয়ে করা যাবে না, সেজন্য আপাতত রাস্তার কাজ বন্ধ করলাম।’ সঠিক গুনমান ও সঠিক মানের সামগ্রী দিয়েই রাস্তা তৈরি হবে বলে জানান তিনি।





