ইজরায়েলে বেলাগাম ড্রোন হামলা হাউথির। রবিবার হাউথি নিয়ন্ত্রিত এলাকা থেকে এই ড্রোন হামলা চালানো হয়েছে বলে খবর। যদিও এই হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইজরায়েল সেনা। তাদের দাবি, ইয়েমেনের দিক থেকে আসা তিনটি ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। আমেরিকার উদ্যোগে হাউথি ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষবিরতির পর এই হামলা নতুন করে সংঘর্ষের আগুন উসকে দিতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাউথিদের তরফে এই হামলা নিয়ে কোনও মন্তব্য না করা হলেও ইজরায়েল ডিফেন্স ফোর্স (IDF)-এর তরফে জানানো হয়েছে, ‘রবিবার ইজরায়েল সীমান্তের দিকে আসা ৩টি ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। এর মধ্যে দুটি ড্রোন ইজরায়েল সীমান্তে ঢোকার ধ্বংস করা হয়েছে।
দক্ষিণ ইজরায়েলের বেশকিছু জায়গায় সাইরেনের শব্দও শোনা গিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইজরায়েলের আকাশসীমা। অবশ্য এহেন হামলার ঘটনা প্রথমবার নয়, প্যালেস্টাইনকে সমর্থন জানিয়ে গত মাসে ইজরায়েলে একাধিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছিল হাউথিরা। যার পালটা আগস্টের শেষের দিকে হাউথি নিয়ন্ত্রণাধীন সানায় বিমান হামলা চালিয়েছিল ইজরায়েল সেনা।





