পুরুলিয়ায় বসে SSC দিলেন উত্তরপ্রদেশের পরীক্ষার্থীরা। আবেদনকারীরা জানাচ্ছেন, প্রশ্ন ফাঁসের কারণে একাধিকবার পরীক্ষার দিনবদল হয়েছে, কিন্তু আজও কোনও পরীক্ষা হয়নি। শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে তাই সুদূর উত্তরপ্রদেশ থেকে এসএসসি পরীক্ষা দিতে রবিবার বাংলায় হাজির পরীক্ষার্থীরা। এদের মধ্যে একটা বড় অংশের পরীক্ষার্থীদের আসন পড়েছিল ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়ায়।
শুধু হিন্দি ভাষা নয়, হিন্দি মাধ্যম স্কুলগুলিতে ভূগোল, ইতিহাস বিষয়ে শিক্ষকতার চাকরি পেতে ওই রাজ্যের পরীক্ষার্থীরা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেন। শুক্র, শনিবার থেকেই তাঁরা পুরুলিয়া শহরে চলে এসেছিলেন। ছিলেন বিভিন্ন অতিথি আবাসে। পরীক্ষা শেষ হলেও বাংলার মানুষজন তথা জঙ্গলমহলের বাসিন্দাদের আতিথেয়তায় রবিবারও তাঁরা থেকেই গিয়েছেন। অযোধ্যা পাহাড় বেড়াতে যাবেন বলেও বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলের গাড়ির সঙ্গেও যোগাযোগ করেছেন। কড়া নজরদারির মধ্যে সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা হয়েছে পুরুলিয়ায়। প্রশাসনের তত্ত্বাবধানে এই পরীক্ষা পর্ব চলে।
জঙ্গলমহলের এই জেলায় ১২৩১৬ জন পরীক্ষার্থী ২৭টি কেন্দ্রে পরীক্ষা দেন। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর তালিকায় জেলার পাশাপাশি উত্তরপ্রদেশ ছাড়াও বিহার ও ঝাড়খণ্ডের পরীক্ষার্থীরাও ছিলেন। প্রথম দফার পরীক্ষা অর্থাৎ নবম-দশমের জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষায় কেন্দ্রে প্রবেশের আগে সমস্ত নথি যাচাই করার পাশাপাশি রীতিমত মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চলে। এছাড়া সিসি ক্যামেরায় তো নজরদারি ছিলই।





