উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ অঞ্চলের প্রতিমা শিল্পীদের জন্য এই বর্ষা যেন নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে। পার্বন প্রিয় বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ঘনিয়ে এসেছে। পুরুষ লেবারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারাও প্রতিমা তৈরিতে লেগে পড়েছেন। কিন্তু অতিরিক্ত বর্ষার কারণে তৈরি প্রতিমাগুলো রোদে শুকাতে পারছে না, অনেকগুলো নষ্ট হয়ে যাওয়ার পথে।
অপরদিকে, লেবার সমস্যাও বড়। সুন্দরবনের শিল্পীদের দৈনন্দিন কাজের চাহিদা কম থাকায় লেবাররা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন, সেখানে কাজের সুযোগ বেশি। প্রতিমা শিল্পী সুশান্ত বিশ্বাস, বিশ্বজিৎ মন্ডল, শিব শংকর মন্ডল এবং ছোট্টু সাতরা জানিয়েছেন, সুন্দরবনে মাটির জন্য ইছামতি নদী থেকে গাড়িতে মাটি আনা এবং খড়, সুতলী, প্রতিমার গয়নাগাটির দাম দিন দিন বাড়ছে।
তাদের দাবি, রাজ্য সরকার যেমন পুজো উদ্যোক্তাদের আর্থিক সহযোগিতা করছে, তেমনি যদি প্রতিমা শিল্পীদেরও সহায়তার হাত বাড়ানো হয়, তাহলে এই শিল্প বাঁচবে এবং শিল্পীরাও নিরাপদে কাজ চালাতে পারবেন।
শিল্পীরা আশঙ্কা প্রকাশ করেছেন, না হলে বর্ষার ধাক্কায় বহু প্রতিমা নষ্ট হয়ে যাবে এবং বছরের পর বছর ধরে চলা শিল্প প্রথা বিপন্ন হবে।





