ছাত্রীদের আত্মরক্ষায় সক্ষম করে তোলার উদ্দ্যেশ্যে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে জনমুখী কর্মসূচি ‘তেজস্বিনী’র শুভারম্ভ হলো। মঙ্গলবার থেকে টানা ১০ দিন ব্যাপী চলবে এই কর্মসূচি। মূলত: স্কুল ছাত্রীদের আত্মরক্ষা পাঠের এক বিশেষ কর্মশালা হলো এই ‘তেজস্বিনী’। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই কর্মশালা। চলছে হাওড়ার বিভিন্ন স্কুলে। নর্থ জোনে রয়েছে অগ্রসেন বালিকা বিদ্যালয়, শোভনলাল বালিকা বিদ্যালয়, বেলুড় বালিকা বিদ্যালয়।
সাউথ জোনে রয়েছে উনসানি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিশেষ কর্মশালা ‘তেজস্বিনী’র মাধ্যমে ছাত্রীদের আত্মরক্ষায় প্রশিক্ষিত ও সক্ষম করে তোলা হচ্ছে। প্রসঙ্গত, মেয়েদের সুরক্ষার প্রশ্নকে গুরুত্ব দিয়ে চার বছর আগে ‘তেজস্বিনী’ নামের এই আত্মসুরক্ষামূলক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছিল। হাওড়া সিটি পুলিশের উদ্যোগে দশদিনের কর্মসূচি এই ‘তেজস্বিনী’। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি বলেন, ‘এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা স্কুলের ছাত্রী সহ সমাজের সব স্তরের মহিলাদের আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার এই বার্তা দিতে চাই যে, তাঁরা নিজেরাই নিজেদের সুরক্ষা করতে সক্ষম। এই নিয়ে চার বছর আমরা এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ওরা এর মধ্য দিয়ে নিজেদের প্রস্তুত করে আগামী দিনে সক্ষমতার পথে এগিয়ে যেতে পারবেন বলে আশা রাখি।’





