ভারতীয় তারকা ক্রিকেটার পৃথ্বী শ’র বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা এবার নতুন মোড় নিল। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিলের দায়ের করা মামলায় আদালতের নির্দেশ অমান্য করার দায়ে জরিমানা করা হয়েছে তাঁকে। আপাতত ১০০ টাকা জরিমানা করা হয়েছে তারকা ক্রিকেটারকে। উল্লেখ্য ২০২৩ সালে মুম্বইয়ে হেনস্তার ঘটনাটি ঘটেছিল।সেই সূত্র ধরে পৃথ্বীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন স্বপ্না।ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় সেল্ফির আবেদনের পর বচসায় জড়ান পৃথ্বী শ এবং স্বপ্না গিল।
পৃথ্বীর বন্ধু আশিষ যাদবের গাড়ির কাঁচ ভাঙার ভিডিও সামনে আসে। অভিযোগ উঠেছিল স্বপ্না ও তাঁর সহযোগীরা পৃথ্বীর উপর চড়াও হয়েছিলেন। সেই অভিযোগে গ্রেফতার করা হয় স্বপ্না গিল সহ কয়েকজনকে। তিনদিন পুলিশি হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়েছিলে স্বপ্না। পরে তিনি পাল্টা পৃথ্বীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন।স্বপ্নার অভিযোগ ছিল, সেলফি না দেওয়ার কারণে নয় বরং ফোন কেড়ে নেওয়া ও শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করেন পৃথ্বী শ।
স্বপ্না ২০২৪ সালের এপ্রিলে দিনদোশী দায়রা আদালতে একটি ফৌজদারি অপরাধ পুনর্বিবেচনার আবেদন জানান।আদালত সেই প্রেক্ষিতে পৃথ্বী শ’কে তার প্রতিক্রিয়া জানানোর নোটিশ পাঠায়। কিন্তু পৃথ্বী একাধিকবার সমন পাওয়ার পরেও কোনও জবাব দেননি বলে অভিযোগ করেন স্বপ্নার আইনজীবী আলি কাশিফ খান।এমন আবহে আদালত পৃথ্বীকে ফের একবার উত্তর দেওয়ার সুযোগ দিলেও, তার সঙ্গে একটি প্রতীকী জরিমানা হিসেবে ১০০ টাকা ধার্য করেছে। আগামী শুনানির দিন ধার্য হয়েছে ১৬ ডিসেম্বর, ২০২৫।





