প্রধানমন্ত্রী হতেই শোরগোল, স্বামীর বিমান অপহরণ যোগে চর্চায় সুশীলা। শুক্রবার রাতে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি। ৭৩ বছর বয়সি এই সুশীলা কারকিকে নিয়ে চর্চা শুরু হয়েছে গোটা বিশ্বে। উঠে আসছে তাঁর স্বামীর অতীত ‘দুষ্কর্ম’। বেশ কয়েক বছর আগে নেপালে এক বিমান অপহরণের ঘটনায় যুক্ত ছিলেন সুশীলার স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী। সেই অপরাধে জেলও খাটতে হয় তাঁকে।
সুবেদীর সঙ্গে সুশীলার সাক্ষাৎ ভারতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। সেই সময় নেপালি কংগ্রেসের যুবনেতা ছিলেন দুর্গাপ্রসাদ সুবেদী। সেই সাক্ষাৎ গড়ায় প্রেমে। বিয়ে করেন দু’জনে। নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ১৯৭৫ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন সুশীলা। তার আগে ১৯৭৩ সালের ১০ জুন নেপালি কংগ্রেস একটি বিমান অপহরণ করে। সেই অপহরণে অভিযুক্ত ছিলেন সুশীলার স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী। এছাড়াও তাঁর সহযোগী হিসেবে উঠে আসে নগেন্দ্র ধুঙ্গেল এবং বসন্ত ভট্টরাই-এর নাম।





