জইশ কি পাকিস্তানের সেনার একেবারে ‘নয়নের মণি’ হয়ে উঠেছে? গত ৭ মে জইশের সদর দপ্তরে হামলা চালায় ভারতীয় সেনা। সেই হামলায় খতম হওয়া জইশ জঙ্গিদের শেষকৃত্যে হাজির থাকতে দেখা গিয়েছিল পাক জওয়ান ও সেনা আধিকারিকদের। এবার এক ভাইরাল ভিডিওয় মাসুদ ইলিয়াস কাশ্মীরির মতো জঙ্গিকেও একথা বলতে শোনা গিয়েছে। এরপর থেকেই জল্পনা ক্রমে জোরাল হয়েছে।
শুদ্ধ উর্দুতে কথা বলতে শোনা গিয়েছে মাসুদকে। সে বলছিল, ”রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর থেকে নির্দেশ জারি করা হয়েছিল যে ওই শহিদদের শেষ কুর্নিশ জানানো উচিত। এবং কর্প কমান্ডারকে তাদের শেষকৃত্যে অংশ নিতে হবে। বিমান বাহিনী তাদের শেষকৃত্যে পাহারা দেয়। ২৫ বছরের ধৈর্য, সাহস ও সংকল্পের ফল, যে পাকিস্তানের সরকার, সেনা, বায়ুসেনা ও নৌবাহিনীকে জেহাদের পথে আনতে পেরেছি। যারা শহিদ হয়েছে তা জইশ-ই-মহম্মদের সদস্য। পাক বায়ুসেনা এর বদলাও নিয়েছে।





