এবার অসমের পুজোতে অনুদানের সিদ্ধান্ত নিল হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার। এ বছরও অসমের পুজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। বুধবার সোশাল মিডিয়ায় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। একেবারে বাংলার মমতা-মডেল অনুকরণ করে অসমের ৭ হাজার ৮১৭টি পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিমন্ত জানিয়েছেন, ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলির কাছে অনুদানের টাকা পৌঁছে গিয়েছে। হিমন্তর দাবি, উৎসবের রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতেই এই অনুদান। বিহু ও ভাওনা উৎসবেও রাজ্য সরকার এভাবেই অর্থ সাহায্য করে থাকে।





