জুবিন গর্গের মৃত্যুতে গ্রেফতার ১ । সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে গত শুক্রবারই সাঁতার কাটার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। বিদেশের মাটিতে ভূমিপুত্রের এহেন আকস্মিক প্রয়াণে অনেকেই ষড়যন্ত্রের আঁচ পেয়েছেন! তার ভিত্তিতেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সম্প্রতি তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দেন। মঙ্গলে গায়কের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর এবার চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী।
জানা গিয়েছে, বছরখানেকর ধরেই জুবিনের সঙ্গে কাজ করছেন শেখরজ্যোতি। অভিযোগ, তাঁর আমন্ত্রণেই জলে নেমেছিলেন জুবিন। কিন্তু সাঁতরে আর পারে ফেরা হয়নি তাঁর। জলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গায়ক। বৃহস্পতিবার গুয়াহাটির গরিগাঁওয়ের বাড়ি থেকে জুবিনের টিমের ড্রামারকে গ্রেপ্তার করে অসম সরকার গঠিত SIT।
পাশাপাশি এদিন নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতেও তল্লাশি অভিযান চালান সিট আধিকারিকরা। সূত্রের খবর, খুব শিগগিরি শেখরজ্যোতি গোস্বামীর মতো তাঁদের হাতেও হাতকড়া উঠতে পারে। মোহন্ত ছাড়াও, সিঙ্গাপুর-আসাম অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন সদস্যকেও সিআইডি হেফাজতে নেওয়ার সম্ভাবনা রয়েছে, বলে জানা গিয়েছে।





