বৃহস্পতিবার দুপুরে মালবাজার সফরে এলেন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার। শহরে পৌঁছে প্রথমেই তিনি যান সদ্য সড়ক দুর্ঘটনায় মৃত মাল টাউনের প্রাক্তন সভাপতি দেবাশীষ পালের বাড়িতে। সেখানে তিনি মৃত নেতার পরিবারের পাশে দাঁড়ান, স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং কন্যাকে সান্ত্বনা দেন। শোকসন্তপ্ত পরিবারকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়, নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, জেলা সভাপতি শ্যামল কুমার রায়, নেতা বাপি গোস্বামী ও আরও অনেকে।
সফরে এসে মন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন নাগেশ্বরী চা বাগানের একাধিক শ্রমিক প্রতিনিধি। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রী ঘোষিত ২০ শতাংশ বোনাস তারা পাচ্ছেন না। শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে জানান, এ নিয়ে আন্দোলনের প্রস্তুতি চলছে।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, চা শ্রমিকদের ন্যায্য দাবির পাশে বিজেপি আছে। বোনাস না দিলে বৃহত্তর আন্দোলন হবে। পরে মাল শহরের গুরজং ঝোড়া মোড়ে বিজেপির দলীয় কার্যালয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয়।





