পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের লতাপাড়া গ্রামে এক পরিবারের মা ও তিন নাবালিকা কন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মৃত মহিলার স্বামী ভিন রাজ্যে সবজি বিক্রি করার কাজ করেন। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় বাড়ি ফিরে স্ত্রী ও তিন কন্যাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। অবিলম্বে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বক্তব্য, পরিবারটি সাধারণ এবং শান্তিপূর্ণ জীবনযাপন করত। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটিত হবে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে। পুলিশ এখনও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পারে নি, তবে আত্মহত্যা, বিষক্রিয়া বা অন্য কোনো অপ্রাকৃতিক কারণে মৃত্যু হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। সমাজের বিভিন্ন সংগঠনও পরিবারটির পাশে দাঁড়িয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নিয়েছে।





