রাষ্ট্রসংঘে কাশ্মীর নিয়ে মিথ্যাচার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। কড়া জবাব দিল ভারতও। পাক প্রধানমন্ত্রীর মিথ্যা ভাষণকে আজব নাটক বলে কটাক্ষ করে নয়াদিল্লি পাকিস্তানের সন্ত্রাসবাদের ইতিহাস মনে করাল। ওসামা বিন লাদেনকে আড়াল করা থেকে, পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের আড়াল করার চেষ্টা, সব ইস্যু মনে করিয়ে পাকিস্তানকে কোণঠাসা করল ভারত।
নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পাক প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যুতে ভারতকে নিশানা করেন। তিনি দাবি করেন, কাশ্মীরবাসীর উপর ভারত সরকার অত্যাচার চালাচ্ছে। শাহবাজ বলেন, একদিন এই অত্যাচার বন্ধ হবেই। শাহবাজের বক্তব্য, “আমরা কাশ্মীরবাসীকে আশ্বস্ত করছি। আমরা আপনাদের পাশে আছি। পাকিস্তান আপনাদের পাশে আছে। একদিন ভারতের অত্যাচার বন্ধ হবেই।” সিন্ধু জলচুক্তি নিয়েও ভারতকে কাঠগড়ায় তোলেন শাহবাজ। তিনি দাবি করেন, সিন্ধু চুক্তির শর্ত না মেনে আন্তর্জাতিক আইন ভেঙেছে ভারত।





