লালুর শরীরে প্রতিস্থাপিত কিডনি রোহিণীর নয়? জোর চর্চা। কয়েকমাস আগেই নিজের বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) থেকে বহিষ্কার করেছেন লালু। তার মধ্যেই আবার ‘বিদ্রোহী’ হয়ে উঠেছেন লালু-কন্যা রোহিণী আচার্য, যিনি কিডনি দান করে বাবার প্রাণ বাঁচিয়েছিলেন। এসবের মাঝেই প্রশ্ন উঠতে শুরু করেছে লালুর শরীরে প্রতিস্থাপিত কিডনি আদৌ কি রোহিণীর? সমাজমাধ্যমে এখন এই নিয়ে চলছে জোর চর্চা। ওয়াকিবহাল মহলের মতে, ভোটমুখী বিহারে একের পর এক ঘটনাক্রমে কিছুটা চাপে পড়ে গিয়েছে আরজেডি।
রোহিণীর সঙ্গে দল এবং পরিবারের ফাটল ইতিমধ্যেই চওড়া হয়েছে। শোনা যাচ্ছে, নিজের বাবা, ভাই তেজস্বী যাদব-সহ দলের এক্স হ্যান্ডলকে ‘আনফলো’ করে দিয়েছেন লালু-কন্যা। পাশাপাশি, পরিবারের দিকে ছুঁড়েছেন কটাক্ষও। এবার লালুর ‘কিডনি বিতর্ক’ নিয়ে মুখ খুললেন তিনি। ক্ষুদ্ধ হয়ে বলেন, “যাঁরা প্রমাণ ছাড়াই এধরনের অভিযোগ আনছেন, তাঁদের প্রকাশ্যে তার কাছে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাওয়া উচিত প্রত্যেক মা-বোন-কন্যার কাছেও। মহিলাদের বিরুদ্ধে এধরনের মানহানিকর বা মিথ্যা অভিযোগ ছড়ানো কাম্য নয়।





