ভারত–নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি সংলগ্ন উত্তর রামধন এলাকা থেকে সন্দেহভাজন মরফিনসহ দুই নেপালি যুবককে গ্রেফতার করল এসএসবি-র ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃতদের নাম কুমার লমসাল (২৪) ও সবিন কার্কি (২৫)। দুজনেই নেপালের নুয়াকোট জেলার বাসিন্দা বলে জানা গেছে।
এসএসবি সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে জওয়ানরা ওই দুই যুবককে আটক করে। তাঁদের কাছ থেকে প্রায় ৮৭.৩ গ্রাম সন্দেহভাজন মরফিন, একটি আইফোন, ১৪টি এনসেল সিম কার্ড এবং প্রায় তিন হাজার নেপালি মুদ্রা উদ্ধার হয়।
এরপর ধৃতদের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ এনডিপিএস আইন অনুযায়ী মামলা রুজু করেছে। সোমবার ধৃত সবিন কার্কিকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়, আর কুমার লমসাল বর্তমানে খড়িবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন বলে জানা গেছে।





